
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পবিত্র রমজান শুরুর আগেই পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়ার বেড়েছে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, সয়াবিন তেল, আটা, পেঁয়াজ ও রসুনের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ইলিশসহ দেশীয় মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার, সোনালি ও দেশি মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা এবং গরু ও খাসির মাংসের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। সবজির দামও কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
কলাপাড়া কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা মো. রাসেল সাগরকন্যাকে বলেন, রমজানের আগে বাজারে এমন দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। কুয়াকাটা বাজারের আরেক ক্রেতা শাহানা আক্তার বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকলে মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি বিপদে পড়ে।
অন্যদিকে কলাপাড়া বাজারের এক মুদি ব্যবসায়ী আঃ করিম জানান, পাইকারি বাজারে বেশি দামে পণ্য কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কুয়াকাটা মাছ বাজারের এক বিক্রেতা সোহেল সাগরকন্যাকে বলেন, সরবরাহ কম ও চাহিদা বাড়ায় মাছের দাম বেড়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও পণ্য মজুদের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।