বরগুনার বিষখালী নদী থেকে ১৭ দিন পর ট্রলার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হোম পেজ » বরগুনা » বরগুনার বিষখালী নদী থেকে ১৭ দিন পর ট্রলার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীর তীর থেকে নিখোঁজের ১৭ দিন পর ট্রলার ব্যবসায়ী গোলাম মোস্তফা শিকদার (৭৯)-এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত গোলাম মোস্তফা শিকদার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বনি আমিন শিকদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরদিন জেলেরা নদীতে তার নৌকাটি ভাসমান অবস্থায় দেখতে পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২ ফেব্রুয়ারি বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

 

নিহতের জামাতা মো. মাসুদ বলেন, এক মাস আগে তার শ্বশুর হৃদরোগে আক্রান্ত হন এবং পরে তার হার্টে রিং পরানো হয়। ৩১ জানুয়ারি মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ