দুপুর পর্যন্ত ভোট পড়ে ৩৫ শতাংশ দশমিনায় ৪৪ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

হোম পেজ » পটুয়াখালী » দুপুর পর্যন্ত ভোট পড়ে ৩৫ শতাংশ দশমিনায় ৪৪ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

দুপুর পর্যন্ত ভোট পড়ে ৩৫ শতাংশ দশমিনায় ৪৪ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দশমিনা উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের মত দশমিনা উপজেলার ৪৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ১৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত থাকলেও ভোট গ্রহণের শেষ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

সরেজমিনে দেখা গেছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীসহ নানা শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

 

ভোট দিতে আসা একাধিক ভোটার বলেন, উৎসবের আমেজে ভোট দিতে পেরে তারা আনন্দিত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারা স্বস্তিদায়ক বলেও জানান তারা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নতুন ভোটার বলেন, এবারই প্রথম ভোট দিলাম। আমাদের পরিবার দীর্ঘদিন একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়ে এসেছে। তবে এবার সেই প্রতীক না থাকায় দলীয় সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীকে ভোট দিয়েছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভালো লাগছে। আমরা চাই, জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করুন।

 

দশমিনা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং প্রতিটি কেন্দ্র সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৭ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ