এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

হোম » বরিশাল » এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬


 

ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাড়ে পাঁচ আনী গ্রামের বাসিন্দা শামীম হাওলাদার (৩৮)। একসময় আলিম পাস করে স্বাভাবিক জীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু মানসিক ভারসাম্য হারানোর পর বদলে যায় তাঁর জীবন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় এক যুগ ধরে ছোট্ট একটি ঘরে লোহার খাঁচায় বন্দি অবস্থায় মানবেতর জীবন কাটছে তাঁর।

 

পরিবারের সদস্যরা জানান, মানসিক ভারসাম্য হারানোর পর শামীমের আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে। সামনে যাকে পেতেন, তাকেই মারধর করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথমে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরে স্ত্রী একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

 

বুধবার (৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ইট দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরের প্রবেশপথে লোহার গ্রিল লাগানো। সেই গ্রিলের ফাঁক দিয়েই নিয়মিত শামীমকে খাবার দেওয়া হয়। এভাবেই দীর্ঘদিন ধরে বন্দি জীবন কাটছে তাঁর।

 

শামীমের চাচাতো ভাই বাবুল হোসেন গণমাধ্যমকে বলেন, শামীম আলিম পাস করে ভালোভাবেই সংসারজীবন শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর যাকে সামনে পেতেন, তাকেই মারধর করতেন। পরিস্থিতি সামাল দিতে তাঁকে চার বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরে ছোট্ট একটি পাকা ঘরে লোহার গ্রিল দিয়ে আটকে রাখা হয়।

 

শামীমের বাবা কালাম হাওলাদার বলেন, ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছেন। মানুষের কাছ থেকেও ধারদেনা করে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হয়নি।

 

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, মানসিক ভারসাম্যহীন শামীমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ