সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

হোম » খুলনা » সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬


 

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের মদদদাতাদের আইনের আওতায় আনার দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় কাশিয়াবাদ স্টেশন অফিসের সামনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে কয়রার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সংগঠনের সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেক, সংগঠনের সাবেক আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সুজনের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন, জামায়াত নেতা মাস্টার সাইফুল্লাহ হায়দার, মোল্যা শাহাবুদ্দিন শিহাব ও আলহাজ দ্বিন মোহাম্মদ।

 

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক মো. কামাল হোসেন ও মোস্তাফিজুর রহমান, মানবাধিকার ব্যুরোর সাধারণ সম্পাদক জিএম মোনায়েম বিল্লাহ, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, সমাজসেবক আসাদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের রাসেল আহমেদ, ব্যবসায়ী আজিজুল ইসলাম আজু এবং স্থানীয় জেলে আবু মুছা ও রবিউল ইসলাম।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের জেলেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত বনদস্যুদের হাতে নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন তাঁরা। দস্যুদের অত্যাচারে অনেক জেলে জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এতে উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

 

বক্তারা আরও বলেন, সুন্দরবন শুধু বনজ সম্পদের আধার নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার বিকল্প নেই। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বনদস্যুদের সহযোগিতা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮:২৮:০১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ