বরগুনার পাথরঘাটায় সাবেক এমপিকে পিটিয়ে গুরুতর আহত

হোম পেজ » লিড নিউজ » বরগুনার পাথরঘাটায় সাবেক এমপিকে পিটিয়ে গুরুতর আহত
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনার পাথরঘাটায় সাবেক এমপিকে পিটিয়ে গুরুতর জখম

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে তার বাসার সামনে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন।

 

সাবেক এমপি হিরু সাংবাদিকদের বলেন, আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত ক্ষত হয়েছে। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি।

 

জানা যায়, দুপুরের খাবার খেয়ে সাবেক এমপি হিরু বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে হামলাকারীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জামায়াতের একটি মিছিল থেকে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এসময় হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।

 

পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই সরেজমিন পরিদর্শন করেছি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও পুলিশও ঘটনাস্থল প্রদর্শন করেছে।

 

পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিবসহ একাধিক নেতা দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে গ্রুপিং রয়েছে এবং তারা নিজেরাই দ্বন্দ্ব সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে।

 

এদিকে পাথরঘাটা কে.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানান।

 

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুইবার পাথরঘাটা কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান এবং পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী আফরোজা হেপী দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার চাচাত ভাই গোলাম সবুর টুলুও এমপি ছিলেন এবং অপর এক ভাই গোলাম সরোয়ার নাসির বর্তমানে কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি; অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:২৮ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ