ভান্ডারিয়ায় নকল পণ্য জব্দ, জরিমানার পর কারখানা সিলগালা

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় নকল পণ্য জব্দ, জরিমানার পর কারখানা সিলগালা
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

ভান্ডারিয়ায় নকল পণ্য জব্দ, কারখানা সিলগালা, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের গোডাউনটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে ‘চাষী’ চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ঘি, মশার কয়েলসহ বিভিন্ন ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।

ভেজাল ও নকল পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, অসাধু কারখানার মালিকেরা নকল ভোগ্যপণ্য উৎপাদন করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। জনস্বার্থে এসব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ