
সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামীর আমীরের নারী বিদ্বেষী ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সোমবার বিকেলে পাড়েরহাট ইউনিয়নের খান বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জামায়াত আমীরের নারী বিদ্বেষী বক্তব্যকে অবমাননাকর ও বিভাজন সৃষ্টিকারী উল্লেখ করে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, নারীরা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন; তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয়।
সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সোবাহন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি রাজু আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।