
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নেছারাবাদে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে ও তার নেতাকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করছে এবং বর্তমান পরিস্থিতিতে প্রশাসন তার নির্বাচনী কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখছে।
মাহমুদ হোসেন বলেন, তিনি অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাশী নন; তবে প্রশাসন তাকে ও তার নেতাকর্মী-সমর্থকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিন উপজেলার মধ্যে নেছারাবাদ থেকেই তিনি সবচেয়ে বেশি ভোট পাবেন বলে আশা প্রকাশ করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় নতুন করে প্রস্তুতি গুছিয়ে সংগঠিতভাবে মাঠে নামার কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে তার নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ঘোড়া প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা শুরু করেছেন।
এর আগে তিনি নেছারাবাদে কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার, যুবনেতা মো. মামুন সরদার, মো. মনিরুজ্জামানসহ শত শত নেতাকর্মী। একই দিন বিকেলে তিনি নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট, মিয়ারহাট ও পাটিকেলবাড়ি এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।