
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্স ও সার সংক্রান্ত নীতিমালা- ২০২৫ সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার স্বরূপকাঠী টু পিরোজপুর সড়কের উপজেলা পরিষদ সম্মুখে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নেছারাবাদ উপজেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ থেকে ৩৫ জন খুচরা সার ডিলার ও বিক্রেতা অংশ নেন।
বক্তারা জানান, ২০০৯ সালে সরকারি স্ট্যাম্পের চুক্তির ভিত্তিতে দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা সরকারিভাবে অনুমোদন পান। প্রতিজন বিক্রেতা ৩০ হাজার টাকা জামানত দিয়ে আইডি কার্ড ও লাইসেন্স গ্রহণ করে কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগ করে বক্তারা বলেন, প্রণীত ২০২৫ সালের নতুন সার নীতিমালায় বিদ্যমান আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাতিল করে নতুনভাবে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পুরনো লাইসেন্সধারীদের প্রতি বৈষম্যমূলক।
তারা দাবি জানান, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।