উপকূলের শিশুদের আবহাওয়াজ্ঞান বাড়াতে কলাপাড়ায় মেট ক্লাবের উদ্বোধন

হোম পেজ » পটুয়াখালী » উপকূলের শিশুদের আবহাওয়াজ্ঞান বাড়াতে কলাপাড়ায় মেট ক্লাবের উদ্বোধন
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


উপকূলের শিশুদের আবহাওয়াজ্ঞান বাড়াতে কলাপাড়ায় মেট ক্লাবের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ভিত্তিক ‘মেট (আবহাওয়া) ক্লাব’। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠ মহড়াও অনুষ্ঠিত হয়।

জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, সেইভ দ্য চিলড্রেন ও রাইমস-এর কারিগরি সহায়তায় এবং উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ক্লাবটি গঠন করা হয়। শিশুদের দুর্যোগ ও আবহাওয়ার আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধন করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান (রু. দা.), কলাপাড়া রাডার স্টেশনের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম এবং জাগোনারীর মানবসম্পদ ও প্রশাসন সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। তিনি মেট ক্লাবের উদ্দেশ্য ও দুর্যোগের আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। সেইভ দ্য চিলড্রেন-এর অফিসার সনজিতা হালদার এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। এজন্য শিশুদের তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। তারা মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কমিউনিটিকে আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জলবায়ুর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা অর্জনে এগিয়ে আসতে হবে। এই মেট ক্লাব শিশুদের মেধা বিকাশের এক সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:২০:৩১ ● ২৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ