তালতলীতে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

হোম » কৃষি » তালতলীতে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


 

তালতলীতে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ মোল্লার বিরুদ্ধে। জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

 

বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পশ্চিম গাবতলী এলাকার বাসিন্দা মো. মতিউর রহমান খানের ৬ একর জমি লিজ নিয়ে তরমুজ চাষের প্রস্তুতি নেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুই চাষি শহীদ খান ও রিয়াজ গাজী। জমি প্রস্তুত করে সেখানে তরমুজের বীজ বপন করেছিলেন তাঁরা।

 

চাষি ও জমির মালিকের অভিযোগ, একই এলাকার ইউপি সদস্য জাহিদ মোল্লাও জমিটি লিজ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এর আগেই শহীদ খান ও রিয়াজ গাজীকে জমি বুঝিয়ে দেওয়ায় তাঁকে লিজ দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য বিভিন্ন সময়ে চাষিদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে লোকজন দিয়ে জমির তরমুজের চারায় বিষ প্রয়োগ করে সব চারা নষ্ট করে দেওয়া হয় বলে তাঁদের অভিযোগ। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা।

 

ভুক্তভোগী চাষি শহীদ খান ও রিয়াজ গাজী বলেন, ‘অধিক লাভের আশায় আগাম তরমুজের চারা উৎপাদন করেছিলাম। আর মাত্র ১০ দিন পর চারাগুলো জমিতে রোপণ করতে পারতাম। কিন্তু রাতের আঁধারে বিষ প্রয়োগ করে সব চারা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. জাহিদ মোল্লা। তিনি বলেন, ‘মতিউর রহমানের সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ রয়েছে। এর জেরেই আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি কখনোই তাঁর জমি লিজ নেওয়ার প্রস্তাব দিইনি। আমার প্রায় ২০ একর পৈতৃক সম্পত্তি থাকতে তাঁর জমি লিজ নেওয়ার প্রশ্নই আসে না। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

 

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৮:১১:৫৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ