সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এস এম আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। খুলনা ও বাগেরহাটের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা একটি মুঠোফোন ও বোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকার শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা এলাকার মাহমুদুন নবী (৩১) এবং বাগেরহাটের মূলঘর এলাকার মেহেদী হাসান রাসেল (২৬)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এস এম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় খুলনা মহানগর পুলিশের লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাটের মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি অ্যানড্রয়েড মুঠোফোন এবং রাসেলের হেফাজত থেকে বোমা নিক্ষেপে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।