৪৬ বছরেও পাকা ভবন পায়নি গলাচিপার বড়চত্রা দাখিল মাদ্রাসা, দুর্ভোগে ৬০০ শিক্ষার্থী

হোম » শিক্ষা » ৪৬ বছরেও পাকা ভবন পায়নি গলাচিপার বড়চত্রা দাখিল মাদ্রাসা, দুর্ভোগে ৬০০ শিক্ষার্থী
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


 

৪৬ বছরেও পাকা ভবন পায়নি গলাচিপার বড়চত্রা দাখিল মাদ্রাসা, দুর্ভোগে ৬০০ শিক্ষার্থী

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়চত্রা দাখিল মাদ্রাসায় নির্মিত হয়নি কোনো পাকা ভবন। জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান। ভবন সংকট ও শ্রেণিকক্ষের বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে ক্রয়কৃত ও একাধিক ব্যক্তির দান করা মোট ১ একর ৭ শতাংশ জমিতে ছোট একটি টিনশেড ঘর নির্মাণের মধ্য দিয়ে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে পাঠদান চললেও ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে প্রায় ছয় শতাধিক। অথচ প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও মাদ্রাসাটি সরকারি কোনো পাকা ভবন পায়নি। পরবর্তীতে প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পাকা ভবন পেলেও বঞ্চিত রয়েছে বড়চত্রা দাখিল মাদ্রাসা।

 

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার একমাত্র টিনশেড ভবনের চালের বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র রয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকে শ্রেণিকক্ষে জমে এবং শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এতে ব্যাহত হয় পাঠদান। গ্রীষ্মকালে টিনের চাল উত্তপ্ত হয়ে শ্রেণিকক্ষের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। ফ্যান থাকলেও প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের স্বস্তি মেলে না।

 

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মুছা খান বলেন, পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থা করা যাচ্ছে না। পাকা ভবন না থাকায় ভালো পরিবেশের আশায় অনেক শিক্ষার্থী গলাচিপা শহরের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। একটি পাকা ভবন নির্মিত হলে শিক্ষার্থী ধরে রাখা সহজ হবে এবং শিক্ষার মানও বাড়বে।

 

সহসুপার মাওলানা ইয়াসিন বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এবং ২০১০ সালে এমপিওভুক্ত হওয়ার পরও এখন পর্যন্ত পাকা ভবন না পাওয়া অত্যন্ত দুঃখজনক। নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করেও সুফল পাওয়া যায়নি। প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে দ্রুত পাকা ভবন নির্মাণের দাবি জানান তিনি।

 

মাদ্রাসার সুপার মাওলানা মো. অলিউল ইসলাম বলেন, ‘আমার এই মাদ্রাসায় কোনো পাকা শ্রেণিকক্ষ নেই, শিক্ষকদের বসারও কোনো জায়গা নেই। একটি ছোট কক্ষে ২২ জন শিক্ষক-কর্মচারীকে কষ্ট করে বসতে হয়।’

 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের অবস্থা খুবই নাজুক। আকাশে মেঘ দেখলেই ঝড়-বৃষ্টির ভয়ে বাধ্য হয়ে মাদ্রাসা ছুটি দিতে হয়।’

 

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

দীর্ঘ ৪৬ বছর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পাকা ভবন নির্মাণ করবে।

বাংলাদেশ সময়: ১৪:৪১:২১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ