নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, প্রতিদিন ১০ লাখ ডিম সরবরাহ

হোম » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, প্রতিদিন ১০ লাখ ডিম সরবরাহ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, প্রতিদিন ১০ লাখ ডিম সরবরাহসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলায় প্রায় ৭০০টি খামার থেকে প্রতিদিন ১০ লাখ ডিম বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে ভার্চ্যুয়ালি সপ্তাহটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (এমপি)। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ মাহমুদ তামিম, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় মজুমদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান ও খামারি মো. ফেরদৌস আহমেদ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ। তিনি উপজেলার প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা, খামারিদের সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।

 

আলোচনায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। পরিকল্পিতভাবে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানো সম্ভব।

 

অনুষ্ঠানে জানানো হয়, নেছারাবাদে বর্তমানে প্রায় ৭০০টি খামার রয়েছে। এসব খামার থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়। তবে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে নানা সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে চাষযোগ্য জমির স্বল্পতা ও পর্যাপ্ত পশুখাদ্য উৎপাদন না হওয়ায় খামারিরা সমস্যায় পড়ছেন।

 

বক্তারা বলেন, নেছারাবাদের ভৌগোলিক অবস্থা ও জমির স্বল্পতা বিবেচনায় উপযোগী গরু-ছাগলের জাত নির্বাচন, উন্নত প্রজননব্যবস্থা, পরিকল্পিত খামার স্থাপন ও বিকল্প খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের প্রশিক্ষণ দিতে হবে।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ