সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিএনপি, জামায়াত কিংবা প্রশাসন, কেউ রাতের ভোটের মাধ্যমে নির্বাচন করে দেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জানান, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি রাঙ্গাবালী উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের এখন থেকেই ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি করে দেবে, জামায়াত করে দেবে অথবা প্রশাসন আগের মতো রাতে নির্বাচন করে দেবে, এমন সুযোগ আর নেই।’
অতীতে নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের কারণে প্রশাসনের অনেক কর্মকর্তা বিপদে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৬৭ জন পুলিশ কর্মকর্তা ও ৩৭ জন জেলা প্রশাসকের চাকরি চলে গেছে। কর্মকর্তারা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তারা নিজেদের চাকরির নিরাপত্তা চান। তাই কারও কথায় অনিয়ম করতে চান না।
আগামী নির্বাচন ভালো ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে সংসদ সদস্য প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে কেউ আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সরকারি দলের কোনো নেতাও যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাকেও আগে গ্রেপ্তার করতে হবে।’ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।