সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরা উপকূলের চিকিৎসাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত পাঁচ হাজারের বেশি মানুষ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়েছেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার, কোড়ালিয়া বাজার, নতুন বাজার ও রহমানপুর গ্রামের ফিরোজ মুন্সীর বাড়িতে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের পাঁচ হাজারের বেশি মানুষ চিকিৎসা নেন। নেপাল থেকে আসা এমবিবিএস চিকিৎসক ডা. নবীন যাদব ও ডা. সুষ্মিতা রাগবংশী রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীরা সারিবদ্ধভাবে চিকিৎসা নেন এবং প্রত্যেককে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাসেবা গ্রহণকারীরা জানান, মনপুরার দুর্গম এলাকার মানুষ সরকারি হাসপাতালে গিয়ে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। এমন পরিস্থিতিতে বিদেশি চিকিৎসকদের মাধ্যমে নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। ফিরোজ মুন্সীর উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প দুর্গম জনপদের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে আশার আলো দেখিয়েছে। তারা প্রতিবছর অন্তত দুই থেকে তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।
চিকিৎসা নিতে আসা সফিজল, হাসান, রাকিব, সামছু, করিমন ও রহিমাসহ অনেকে বলেন, সরকারি হাসপাতাল অনেক দূরে হওয়ায় তারা বাড়ির পাশের হাটবাজারে ওষুধের দোকান থেকে চিকিৎসা নিতেন। রোগের অবস্থা গুরুতর হলে নদী পাড়ি দিয়ে চরফ্যাশন হাসপাতালে যেতে হতো। বাড়ির কাছেই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা খুশি। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা প্রতিবছর আরও মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।
ফ্রি মেডিকেল ক্যাম্পের একমাত্র উদ্যোক্তা ফিরোজ মুন্সী বলেন, প্রতি বছর মেঘনাপাড়ের চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে থাকবেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প চালু রাখার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।