কুয়াকাটায় আজ লাখো পুণ্যার্থীর সমাগমে শুরু রাস উৎসব, কাল ভোরে পুণ্যস্নান

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় আজ লাখো পুণ্যার্থীর সমাগমে শুরু রাস উৎসব, কাল ভোরে পুণ্যস্নান
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬


 

সংগৃহীত ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

সমুদ্রের ঢেউ আর পূর্ণিমার আলোয় ধর্মীয় আবহে মুখরিত হতে যাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। আজ সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পূর্ণিমার তিথিতে ভোর সাড়ে ৫টায় সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল ধর্মীয় আয়োজন।

 

এ উপলক্ষে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। চলছে সাজসজ্জাসহ নানা প্রস্তুতি। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের অবস্থান ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রস্তুত করা হয়েছে উৎসবস্থল। বাহারি রঙে সাজানো হয়েছে ১৭ জোড়া প্রতিমা।

 

রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মণ্ডল বলেন, রাধাকৃষ্ণের পূজা, গঙ্গাস্নান, গীতাপাঠ, কীর্তন, সন্ধ্যারতি ও আরতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের রাস উৎসব উদযাপন করা হবে।

 

পূর্ণিমার আলোয় সমুদ্রের বুকে পুণ্যস্নানের অপেক্ষায় থাকেন হাজারো পুণ্যার্থী। বিশ্বাস ও ভক্তির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ছুটে আসেন কুয়াকাটায়। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল ধর্মীয় আয়োজন। তবে রাস উৎসবের পাশাপাশি চলবে রাসমেলা।

 

কুয়াকাটার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ধর্মীয় এ আয়োজনকে ঘিরে প্রতিবছরের মতো এবারও পর্যটন ব্যবসায় বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের বরণ করতে হোটেল-মোটেলসহ পর্যটননির্ভর ১৬টি পেশার ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।

 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, রাস উৎসব ঘিরে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকটি দলে ভাগ হয়ে তাঁরা দায়িত্ব পালন করবেন।

 

তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গঠন করা হয়েছে মেডিকেল টিম। পুণ্যার্থীরা যাতে নিরাপদে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এবারের ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন হবে, এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের।

বাংলাদেশ সময়: ১৪:১২:১১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ