বরগুনায় মুখোশ পরে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, ১৯ নভেম্বর লকডাউনের প্রচার

হোম » বরগুনা » বরগুনায় মুখোশ পরে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, ১৯ নভেম্বর লকডাউনের প্রচার
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


বরগুনায় মুখোশ পরে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, ১৯ নভেম্বর লকডাউনের প্রচারসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পৌর শহরে মুখোশ পরে আওয়ামী লীগের আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেছেন দলটির নারী কর্মীরা। আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন সফল করার আহ্বান জানিয়ে তাঁরা দোকানে দোকানে প্রচার চালান। এ সময় একজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং আরেকজনকে মুঠোফোনে পুরো কার্যক্রম ভিডিও করতে দেখা যায়। লিফলেট বিতরণের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় তিন থেকে পাঁচজনের পৃথক দলে বিভক্ত হয়ে তাঁরা এ প্রচার চালান। ছড়িয়ে পড়া ভিডিওতে মুখোশ পরা এক নারীকে দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়।

 

বাংলাদেশ আওয়ামী লীগের নামে প্রকাশিত লিফলেটে দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাঁর বিচারের রায় বাতিল এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবি তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মীসহ সব রাজবন্দীর মুক্তি, মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বন্ধ শিল্পকারখানা চালু এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

লিফলেটে নারী ও শিশুসহ সবার নিরাপত্তা, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার দাবিও রয়েছে। শেষাংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক’ লেখা রয়েছে।

 

এর আগে বরগুনার আমতলীতে গ্রামীণ ব্যাংক ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এসব ঘটনার মধ্যে মুখোশ পরে লিফলেট বিতরণ এবং লকডাউনের প্রচার ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

 

লিফলেট বিতরণে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিফলেট বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ১৯ নভেম্বর সারা দেশে লকডাউনের প্রচারের অংশ হিসেবে বরগুনাতেও প্রচার চালানো হয়েছে। তবে লিফলেট বিতরণকারী নারীদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, রাতে নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান।

বাংলাদেশ সময়: ১৮:২০:৩২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ