টিউবওয়েল শ্রমিক থেকে ‘ফকির’, মির্জাগঞ্জে ঝাড়ফুঁক ও চিকিৎসার অভিযোগ

হোম » পটুয়াখালী » টিউবওয়েল শ্রমিক থেকে ‘ফকির’, মির্জাগঞ্জে ঝাড়ফুঁক ও চিকিৎসার অভিযোগ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

টিউবওয়েল শ্রমিক থেকে ‘ফকির’, মির্জাগঞ্জে ঝাড়ফুঁক ও চিকিৎসার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী।

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে উপজেলার গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে তিনি বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে বায়েজিদ। প্রায় সাত বছর আগেও তিনি বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ ও বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।

 

বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারের নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন।

 

এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য বায়েজিদের প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া চিকিৎসার নামে প্রতারণা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।

 

অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল বলেন, ‘খোঁজ নিয়ে দেখব। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ