
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে থাকা তিন বোন ও তাঁদের এক স্বজনের ওপর হামলার অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় তিন বোনসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝুমুর (৩১), রিনা (২৭), সাথী (২৬) ও হাসান (২৮)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা। তিন বোন ওই এলাকার মো. হারুনের মেয়ে এবং হাসান আলী হোসেন মৃধার ছেলে।
আহতদের মধ্যে হাসান ও সাথীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঝুমুর ও রিনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোন একই ঘরে বসবাস করেন। তাঁদের অভিযোগ, এলাকার কয়েকজন কিশোর দীর্ঘদিন ধরে তাঁদের উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় কুপ্রস্তাবও দেওয়া হতো। এর প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রিসহ নানা অপপ্রচার চালানো হয়।
আহত ঝুমুরের অভিযোগ, ঘটনার রাতে তিন বোন ও হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় শিহাবের নেতৃত্বে ওমর, খাইরুল ও ইশাসহ ১০ থেকে ১২ জনের একটি কিশোর দল তাঁদের ঘরে ঢুকে হামলা চালায়। এতে চারজন আহত হন।
ঝুমুর আরও বলেন, তাঁর দুই বোনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করা হতো। এসবের প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। অভিযুক্তদের কথামতো না চলায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিহাব। তিনি বলেন, তাঁর এক বন্ধুকে মারধর করা হয়েছে, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মারামারি থামিয়ে দেন। ধাক্কাধাক্কিতে কেউ আহত হয়ে থাকতে পারেন, তবে তিনি কাউকে মারধর করেননি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইএম নাঈম সাকিব সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা কিছুটা সংকটাপন্ন হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।