সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদেশের সঙ্গে একযোগে মাদারীপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর সারাদেশের ১৫০টি কেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ৯৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষায় বসে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী।
কেন্দ্র দুটি হলো কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি এবং শিবচর উপজেলার পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন জানান, সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা তদারকিতে কেন্দ্রীয় কমিটির পর্যবেক্ষক হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন মো. ফজলে রাব্বি। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সেলিনা আক্তার মায়া।
সংগঠনটির চেয়ারম্যান মনোয়ারা ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান বলেন, ‘অন্যান্য পাবলিক পরীক্ষার মতো এ পরীক্ষার উত্তরপত্রও এক জেলার শিক্ষক অন্য জেলার শিক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। এতে কোনো ধরনের অসচ্ছতা থাকবে না। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পাবে।’
সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন জানান, এসএমএস ও সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রতিটি জেলায় কমিটি রয়েছে। সংগঠনটির সঙ্গে সারাদেশের প্রায় ৩৪ হাজার কিন্ডারগার্টেন যুক্ত রয়েছে।