ছেলের মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানে চলে গেলেন মা

হোম » ঢাকা » ছেলের মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানে চলে গেলেন মা
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


হাসিনা বেগমসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মা হাসিনা বেগম (৭২)। একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে গোপালগঞ্জের মুকসুদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিনা বেগম।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। শনিবার বেলা ১১টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

 

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মা হাসিনা বেগম। একপর্যায়ে তিনি স্ট্রোক করলে দ্রুত তাঁকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। শনিবার বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

 

এদিকে একই পরিবারের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুম মা ও ছেলের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। আহত হন শতাধিক যাত্রী।

 

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। বরইতলা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত থাকেন তিনি। ওই গাড়িবহরে থাকা বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ