দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকার, নদীতে ৩০-৩৫ নৌকা

হোম » পটুয়াখালী » দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকার, নদীতে ৩০-৩৫ নৌকা
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকার, নদীতে ৩০-৩৫ নৌকা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও পায়রা নদীতে অবাধে চলছে ইলিশ শিকার। রোববার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের হাজীরহাট ও রাজাগঞ্জ এলাকার মধ্যবর্তী নদীতে অন্তত ৩০ থেকে ৩৫টি নৌকায় জেলেদের মাছ ধরতে দেখা গেছে। মৎস্য বিভাগ জানিয়েছে, লোকবল সংকট ও মাত্র একটি টহল দল থাকায় সব এলাকায় একসঙ্গে নজরদারি করা কঠিন হয়ে পড়েছে।

 

রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, পায়রা নদীতে একের পর এক নৌকা থেকে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। কয়েকটি নৌকায় উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনও দেখা যায়। অথচ মা ইলিশের প্রজনন রক্ষায় নদ-নদীতে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর পাঙ্গাশিয়া, আলগী, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়াসহ লোহালিয়া ও পাণ্ডব নদীর বিভিন্ন পয়েন্টেও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করা হচ্ছে। প্রশাসনের অভিযান ও টহলের মধ্যেও সুযোগ বুঝে নদীতে নামছেন জেলেরা।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, আমাদের টহল দল কিছুক্ষণ আগেই ওই এলাকা পরিদর্শন করে এসেছে। লোকবল সংকট ও মাত্র একটি টহল দল থাকায় সব এলাকায় একসঙ্গে নজরদারি করা কঠিন হচ্ছে। তবে টহল দল বাড়ানোর চেষ্টা চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় ব্যস্ত আছি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও মা ইলিশ শিকার অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, নির্বিচারে মা ইলিশ ধরা হলে প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন কমে যেতে পারে।

 

পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, এভাবে নির্বিচারে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে নদীতে ইলিশের সংকট দেখা দেবে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর ও নিয়মিত অভিযান প্রয়োজন।

 

নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৬ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ