
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় আগাম জাতের হাইব্রিড তরমুজের বীজ উন্মোচন ও কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেঞ্চুরী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান ও জিসান এগ্রো সীড ফার্মের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল। তিনি ঢাকার খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের সাবেক পরিচালক।
অনুষ্ঠনের শুরুতে জিসান এগ্রো সীড ফার্মের আমদানি করা পাঁচটি হাইব্রিড আগাম জাতের তরমুজের বীজ উন্মোচন করা হয়। জাতগুলো হলো রাজকুমার-এফ১, বিগ প্লাস সুপার-এফ১, গ্রেড আস্হা-এফ১, সাগরকন্যা-এফ১ ও নিউ এশিয়া প্লাস।
আয়োজকদের তথ্যমতে, এসব জাতের তরমুজ ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে সংগ্রহের উপযোগী হয় এবং প্রতিটির ওজন ১২ থেকে ১৪ কেজি পর্যন্ত হতে পারে। বীজগুলোর রোগ প্রতিরোধক্ষমতা বেশি এবং শীত ও ভাইরাস সহনশীল হওয়ায় ফলন ভালো হয় বলে দাবি করা হয়। এতে কৃষকেরা লাভবান হতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
পরে সেঞ্চুরী এগ্রো লিমিটেডের কীটনাশক পরিবেশকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুণাগুণ, ব্যবহার ও কার্যকারিতা নিয়ে কৃষক ও খুচরা বিক্রেতাদের মতামতের ভিত্তিতে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, বিসিআইসির সার ডিলার, বীজ ও কীটনাশকের খুচরা বিক্রেতা এবং বিভিন্ন ইউনিয়নের মডেল তরমুজচাষিরা উপস্থিত ছিলেন।