চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

হোম » ভোলা » চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্যোক্তাদের উৎসাহিত করতে ভোলার চরফ্যাশনে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জি-৩ রুই মাছের পোনা ও পুকুর ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) যৌথ উদ্যোগে এগ্রো মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের আওতায় মৎস্য খাতের কার্যক্রমের অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে পাঁচজন নির্বাচিত মৎস্যচাষির হাতে জি-৩ রুইয়ের পোনা, ঝাঁকিজাল, পুকুরের চুন, রাসায়নিক সার ও সাইনবোর্ড তুলে দেন এফডিএর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন। এ সময় এফডিএর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ ও মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, আধুনিক চাষ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে নির্বাচিত সফল মৎস্যচাষিদের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং তাদের আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ করাই এ উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

 

মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জি-৩ রুই সাধারণ রুইয়ের তুলনায় দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। ফলে আধুনিক পদ্ধতিতে এ জাতের মাছ চাষ করলে অল্প সময়ে অধিক উৎপাদন ও লাভের সুযোগ রয়েছে।

 

এফডিএর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, শুধু উপকরণ বিতরণ নয়, পুকুর প্রস্তুত, সুষম খাদ্য প্রয়োগ ও পানির গুণাগুণ বজায় রাখাসহ আধুনিক মাছ চাষে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হবে।

 

পিকেএসএফের সহযোগিতায় এফডিএর এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিদের আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ