
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, বাউফলের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি-নীতি ও বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। ধর্মীয় বিষয়ে সবাইকে উদার ও সহনশীল থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (৫ অক্টোবর) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬৫টি মন্দিরে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ধর্মীয় বিষয়ে সবাইকে উদার থাকতে হবে। যুগ যুগ ধরে বাউফলের মানুষ পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন করে আসছেন। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবেন এবং এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
হিন্দু সম্প্রদায়ের প্রতি দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ধর্মীয় উৎসব আপনারা পালন করবেন। প্রশাসনের পাশাপাশি আমরাও আপনাদের নিরাপত্তায় সহযোগিতা করব।’
তিনি বলেন, ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র নাথ রায় এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৫টি মন্দিরের প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়।