
সাগরকন্যা প্রতিবেদক,পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলের কেশবপুরে চাঞ্চল্যকর রানী বেগম হত্যা মামলায় মো. হালিম রাড়িকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তাঁর স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।
রায়ে মো. হালিম রাড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী পুষ্প বেগমকে দণ্ডবিধির ৩০৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের সময় প্রধান আসামি মো. হালিম রাড়ি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি তাঁর স্ত্রী পুষ্প বেগম পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১১ ডিসেম্বর বিকেলে লাউগাছের গোড়ায় মাটি দেওয়াকে কেন্দ্র করে রানী বেগমের স্বামী মো. আবুল কাশেম রাড়ির সঙ্গে হালিম রাড়ির বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে পরদিন ১২ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে বাউফলের কেশবপুর এলাকায় আবুল কাশেম রাড়ির স্ত্রী মোসা. রানী বেগমকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
পরে নিহত রানী বেগমের স্বামী আবুল কাশেম রাড়ি বাদী হয়ে হালিম রাড়ি ও তাঁর স্ত্রী পুষ্প বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে বাদী, তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।