
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে রবিবার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৪০টি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চারাগুলো তুলে দেন রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাবু।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাবিব খলিফা, সহসভাপতি মোতালেব হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাস সিকদার, ছাত্রনেতা হাসিব বিল্লাহ এবং ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।