
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের ভূঁইয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং নিহতের স্বজনেরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র জোবায়ের ভূঁইয়াকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় লিটন মোল্লা, জান্নাত মোল্লা, সোহেল মোল্লা, স্বপন মোল্লা, রিয়াদ মোল্লা ও সোহান মোল্লাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার ঘোড়াদাইর গ্রামের জোবায়ের ও তাঁর বাবা রমজান ভূঁইয়াকে পাশের পুকুরিয়া গ্রামের ১০-১২ জন বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জোবায়েরের মৃত্যু হয়।
এ ঘটনায় জোবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই রাতেই মামলার অন্যতম আসামি স্বপন মোল্লাকে পাশের নড়াইল জেলা থেকে গ্রেপ্তার করা হয়।