
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য র্যালি, নৌ-র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুরের আয়োজনে রবিবার (২৭ সেপ্টেম্বর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ভ্রমণ করুন, দেশকে জানুন, পর্যটন শিল্পের উন্নয়নে অংশ নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন’- এই প্রতিপাদ্য সামনে রেখে সকাল ৯টায় হোটেল পশুর চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। পরে মোংলা ও পশুর নদীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নৌ-র্যালি।
নৌ-র্যালিতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।
র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন হোটেল পশুরের ব্যবস্থাপক মো. শাজাহান খান, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান কবির, পর্যটন ব্যবসায়ী আ. কাদের তালুকদার, খান রুপম ও কবি আফরোজা হিরা।
বক্তারা বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পে আগামী পাঁচ বছরে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সঠিক ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এ খাতে নতুন অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তারা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ন রেখে পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।