
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বিচারপ্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংসদ সদস্যের বাসভবনের অতিথিশালায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন হবে।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপির সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ও মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।