মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার মানুষের শপথ

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার মানুষের শপথ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার মানুষের শপথ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

ডেঙ্গুর ঝুঁকি কমাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ৫০০ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে শপথের পাশাপাশি তাদের মধ্যে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।

 

কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেককে একটি করে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার দেওয়া হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

 

পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ বিএনপির নেতাকর্মীরা।

 

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে মাসব্যাপী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

 

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:০২:১০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ