আমতলীতে গভীর রাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

হোম » বরগুনা » আমতলীতে গভীর রাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

আমতলীতে গভীর রাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার আমতলীতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একদল নেতাকর্মী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুবলীগের কেন্দ্রীয় দুই নেতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আমতলী পৌর শহরের ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আমতলী এ কে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পূর্ব পাশের সড়কে কয়েকজন নেতাকর্মী হঠাৎ মশাল নিয়ে মিছিল বের করেন।

 

মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও আমতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল-হাসান ঘটনাস্থলে ছিলেন না বলে জানা গেছে। তবে তাঁর নামেই কর্মসূচিটি পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

অ্যাডভোকেট আরিফ-উল-হাসান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় তারা প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেন।

 

এদিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসেন বলেন, ‘একটি ভিডিও লিংক দেখেছি। তবে এটি বর্তমানের নাকি আগের করা, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। অনেক সময় তারা কর্মসূচি করলেও গোপনে করে দ্রুত সরে যায়।’

বাংলাদেশ সময়: ১৩:১৭:১১ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ