
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সিদ্ধ করার পর ফুটন্ত গরম পানি সরিয়ে নেওয়ার সময় দগ্ধ হয়েছে মাহফুজুর রহমান (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শিক্ষার্থীদের দিয়েই মিড ডে মিলের খাবার প্রস্তুত করা হয়। রবিবার ডিম সিদ্ধ করার পর ফুটন্ত গরম পানি সরিয়ে নেওয়ার সময় মাহফুজের শরীরে ওই পানি পড়ে যায়। এতে সে দগ্ধ হয়। এ ঘটনায় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে শাক-সবজি সংগ্রহ, মিড ডে মিলের ডিম সিদ্ধ করাসহ বিভিন্ন কাজ করান। তাদের দাবি, এ ধরনের কাজে শিশুদের যুক্ত করা আইনসঙ্গত নয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষকরা তাদের অভিযোগ আমলে নেননি বলে অভিযোগ করেন তারা।
তবে শিক্ষার্থীদের দিয়ে এসব কাজ করানোর অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার। তিনি বলেন, ডিম সিদ্ধ করার পর গরম পানি বাইরে ফেলতে যাওয়ার সময় অন্য এক শিক্ষার্থীর সঙ্গে মাহফুজের ধাক্কা লাগে। এতে তার শরীরে গরম পানি পড়ে সে দগ্ধ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি কর্তৃপক্ষ গোপন রাখার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।