ভাণ্ডারিয়ায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের মেঝেতেও রোগীর চিকিৎসা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের মেঝেতেও রোগীর চিকিৎসা
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের মেঝেতেও রোগীর চিকিৎসা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডেঙ্গু ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের মেঝেতেও রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।

 

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় স্থানীয় বাজারে ডাবের সরবরাহ কমে দাম বেড়েছে। বর্তমানে একটি ডাব ১৫০ থেকে ২০০ টাকা এবং মালটা ৩৮০ থেকে ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে স্থানীয় জাতের মালটা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডের বাইরে মেঝেতেও রোগীদের ভিড়। শয্যার বাইরে অবস্থান করেই অনেক রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামাল হোসেন জানান, গত কয়েক দিনে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। কোনো কোনো দিন এ সংখ্যা ৭০ জনে পৌঁছাচ্ছে।

 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে গুরুতর রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

হাসপাতালের দৈনন্দিন পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে মোট ৪৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০৬ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ