কলাপাড়ায় দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

হোম » আইন-আদালত » কলাপাড়ায় দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই আধুনিক প্রযুক্তি সুবিধাসম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চৌকি আদালত পরিদর্শন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

জেলা ও দায়রা জজ বলেন, ‘কলাপাড়া চৌকি আদালতে নতুন করে যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আদালত সংযুক্ত হয়েছে। এ কারণে জেলা সদর থেকে আইনজীবীরা বিচারিক কার্যক্রমে অংশ নিতে কলাপাড়ায় আসেন। এছাড়া আগে থেকেই এখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম চলছে। তাই আইনজীবী সমিতির ভবনটি আধুনিক প্রযুক্তি সুবিধাসম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে।’

 

তিনি আরও বলেন, ‘বিপুলসংখ্যক আইনজীবী ও বিচারপ্রার্থীর জন্য ভাড়াটে আদালত ভবনে পর্যাপ্ত বসার স্থান নেই। দ্রুত জুডিসিয়াল কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় সাংসদ এবিএম মোশাররফ হোসেন এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন।’

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। সভা সঞ্চালনা করেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।

 

এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল খান, যুগ্ম জেলা জজ মেহেদী হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মহিদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪১ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ