
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
বোরাক ও মোটরসাইকেল সমিতির নেতাদের বিরুদ্ধে হয়রানি ও খেয়াঘাট এলাকা থেকে উচ্ছেদের অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
রিকশাচালকদের অভিযোগ, গলাচিপার খেয়াঘাট এলাকায় বুধবার সকালে মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের লোকজন তাদের অটোরিকশা নিয়ে অবস্থান করতে না দিয়ে সেখান থেকে সরিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় বলে দাবি তাদের।
অভিযোগে রিকশাচালকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা খেয়াঘাট এলাকায় অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করছেন। সম্প্রতি বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহনে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এতে নিয়মিত যাত্রী পরিবহন ব্যাহত হওয়ায় তাদের আয়-রোজগার কমে গেছে। খেয়াঘাট এলাকায় অটোরিকশা চালানোর সুযোগ নিশ্চিত করা এবং হয়রানি বন্ধে প্রশাসনের ব্যবস্থা চান তারা।
বিক্ষোভ শেষে অটোরিকশাচালকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের কাছে লিখিত অভিযোগ দেয়।
অভিযোগের বিষয়ে বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের অভিযোগটি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।