
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে অভিযান চালিয়ে দুই ট্রাকভর্তি সিগারেট তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাটিং তামাক জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধীন বাগেরহাট ভ্যাট বিভাগ। এ সময় মালামাল বহনকারী দুটি ট্রাকও আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া-ট-১১-০৭১৪ ও ঢাকা মেট্রো-ট-১৬-২৬৪০ নম্বরের ট্রাক দুটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির যন্ত্রপাতি, কাটিং তামাক, ছাঁকনি কাগজ, মোড়ক তৈরির কাগজ, বিদ্যুৎ উৎপাদন যন্ত্রসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি সিগারেট তৈরির যন্ত্র, দুই অংশে থাকা একটি মোড়ক তৈরির যন্ত্র, ৫০টি প্লাস্টিকের ঝুড়ি, একটি বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, ৫১ বস্তা কাটিং তামাক। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক রয়েছে।
এ ছাড়া ৭৬ রোল সিগারেটের কাগজ, পাঁচ কার্টন ছাঁকনি কাগজ, তিন ড্রাম আঠা বা ময়দা, ৫৪ রোল পাতলা মোড়ক কাগজ, ছয় বাক্স প্যাকেট তৈরির কাগজ, একটি বায়ুর ট্যাংক ও ১০০টি আঠালো ফিতা জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জব্দ করা মালামালের নমুনা পরীক্ষা করে কর্মকর্তারা ধারণা করছেন, এসব যন্ত্রপাতি ও উপকরণ দিয়ে সিগারেট উৎপাদনের জন্য প্রায় পূর্ণাঙ্গ একটি কারখানা স্থাপন করা সম্ভব।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আটক দুই ট্রাক ও জব্দ করা মালামাল নিয়ে যাচাই-বাছাই এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। বিধি অনুযায়ী জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রমও চলছে।