গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২

হোম » জেলে-মৎস্য » গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্য মো. জসিমকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও স্পিডবোটচালক আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌড়ঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

 

আহত পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোটচালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।

 

গলাচিপা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে অভিযান শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে গভীর রাতে রতনদী তালতলী এলাকার কাছে বুড়াগৌড়ঙ্গ নদীতে দুটি জাল দেখতে পান অভিযানে থাকা সদস্যরা। তাঁরা একটি জাল ট্রলারে এবং অন্যটি স্পিডবোটে তোলার চেষ্টা করছিলেন।

 

এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রলার থেকে স্পিডবোটচালককে বৈঠা দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। পাশে থাকা পুলিশ সদস্য মো. জসিম বৈঠাটি খালি হাতে ধরার চেষ্টা করলে তিনি ও স্পিডবোটচালক আহত হন।

 

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, বুড়াগৌড়ঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিলেন। তাঁরা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিলেন। জাল উদ্ধারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রলার থেকে হঠাৎ হামলা চালানো হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এতে এক পুলিশ সদস্য ও স্পিডবোটচালক গুরুতর আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:২০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ