তৃতীয় বার মা হলেন অভিনেত্রী পরীমণি! একরত্তির ছবি প্রকাশ্যে এনে কী বললেন নায়িকা?

হোম » বিনোদন » তৃতীয় বার মা হলেন অভিনেত্রী পরীমণি! একরত্তির ছবি প্রকাশ্যে এনে কী বললেন নায়িকা?
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

তৃতীয় বার মা হলেন অভিনেত্রী পরীমণি! একরত্তির ছবি প্রকাশ্যে এনে কী বললেন নায়িকা?

সাগরকন্যা বিনোদন ডেস্ক

একটি ছবি দিয়েই ফের আলোচনার কেন্দ্রে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। কোলে একরত্তি শিশুকে নিয়ে সমাজমাধ্যমে ছবি প্রকাশ করতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা প্রশ্ন। ছবির সঙ্গে অভিনেত্রীর ছোট্ট ঘোষণা- ‘নাম্বার থ্রি ডান। আলহামদুলিল্লাহ্‌।’ পরে মন্তব্যের উত্তরেই পরীমণি জানিয়ে দেন, এ বার তাঁর পরিবারে এসেছে এক পুত্রসন্তান। শিশুটিকে দত্তক নিয়েছেন তিনি। মেয়ের পর এবার পুত্রসন্তান দত্তক নিয়ে তিন সন্তানের মা হলেন পরীমণি। একশো সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও মজার ছলে জানালেন অভিনেত্রী।

পরীমণির জীবনে মাতৃত্বের অধ্যায় অবশ্য বেশ কয়েক বছর আগেই শুরু। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালীন পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। পরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। বিচ্ছেদের পর থেকেই ছেলেকে নিজের কাছে রেখে বড় করছেন পরীমণি।

এর মধ্যেই পরিবারে যোগ হয়েছিল আরও এক সন্তান। গত বছর আইনি নিয়ম মেনে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন অভিনেত্রী। এ বার এল ছেলে। ফলে তিন সন্তানকে নিয়ে আরও বড় হল পরীমণির পরিবার।

শিশুকে কোলে নিয়ে ছবিতে পরীমণিকে দেখা গিয়েছে গাড়ির ভিতরে। শিশুটির মুখ অবশ্য ছবিতে স্পষ্ট নয়। কিন্তু মায়ের মুখের হাসিই যেন নতুন অতিথির আগমনের আনন্দের কথা বলে দিচ্ছে। ছেলের নাম কী? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও দেননি পরীমণি।

অনুরাগীদের কৌতূহলের জবাবে জানিয়েছেন, নাম এখনও ঠিক করা হয়নি। তবে সন্তানসংখ্যা নিয়ে অভিনেত্রীর ভাবনা শুনে চমকে গিয়েছেন অনেকেই। এক জন কটাক্ষের সুরে মন্তব্য করেছিলেন “আর ক’টা চাই?”। নায়িকা তাঁকে সটান উত্তর দেন “৯৭টা।” অর্থাৎ পরীমণির কথায় তিনি ১০০ জন সন্তানের মা হতে চান। নায়িকা অবশ্য বরাবরই জানিয়েছেন, তিনি একাধিক সন্তানের মা হতে চান। প্রসঙ্গত, ছেলেকে বাড়িতে এনেই কাজের জন্য বাইরে গিয়েছেন অভিনেত্রী। তাই তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কারও ফোনই তিনি ধরতে পারছেন না। বিমানবন্দরে নেমেই সকলের সঙ্গে কথা বলবেন।

বাংলাদেশ সময়: ১১:০৭:০৩ ● ৩৪ বার পঠিত




আর্কাইভ