নবাগত ইউএনওকে কালকিনি সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

হোম » গণমাধ্যম » নবাগত ইউএনওকে কালকিনি সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

নবাগত ইউএনওকে কালকিনি সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)

 

মাদারীপুরের কালকিনির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময়কালে কালকিনি সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এবং একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সংবাদ কখনো প্রশাসনের বিপক্ষেও যেতে পারে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকবেন এবং এ পথচলায় প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

নবাগত ইউএনও কিশোর কুমার দাস সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কালকিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদকর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি নবগঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম, কালকিনি সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মহিউদ্দিন বাবু, সদস্য সচিব ও দৈনিক জনবাণী এবং বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইউম, সদস্য ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি উজ্জ্বল চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কিশোর কুমার দাস। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইল ও কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৪৩ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ