সৌদি বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠালেন ধর্মমন্ত্রী

হোম » ইসলামী জীবন » সৌদি বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠালেন ধর্মমন্ত্রী
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

সৌদি বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে কর্মকর্তাদের বিমানবন্দরে পাঠালেন ধর্মমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক

 

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের চার হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইনসের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

পুরস্কার বিজয়ী হাফেজদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাওয়ার ইচ্ছা থাকলেও অসুস্থতার কারণে যেতে পারেননি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। পরে তাঁর নির্দেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে তাদের অভ্যর্থনা জানান।

 

ধর্মমন্ত্রীর পক্ষ থেকে হাফেজদের অভিনন্দন জানিয়ে কর্মকর্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া চারজনই পুরস্কৃত হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় পুরস্কার অর্জন করেছেন। এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। বাংলাদেশ কোরআনের পাখিদের উর্বর ভূমি- এ অর্জন তারই স্মারক।

 

ধর্মমন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা হাফেজদের অভ্যর্থনা জানান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন ও মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

 

ধর্মমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই বিজয়ী হাফেজদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানানো হবে।

 

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করা চারজন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন মুহাম্মদ জাকারিয়া এবং নারীদের মধ্যে তৃতীয় হয়েছেন রাবেতা বিনতে রমজান। মুহাম্মদ জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা বিনতে রমজান পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

 

এ ছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তাঁরা দুজনই পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

 

মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার এবং শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। রাবেতা বিনতে রমজান রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

 

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। প্রতিযোগিতার পাঁচ গ্রুপে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৯ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ