
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীর সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু (৬৫) আর নেই। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …রাজিঊন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় কাউখালী উত্তর বাজার বায়তুন নাজাত জামে মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে, এ তথ্য তাঁর পরিবার সূত্রের।
আব্দুল লতিফ খসরু বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী শিক্ষানুরাগী হিসেবে সম্মাননা পেয়েছিলেন। কাউখালীর মানুষের কাছে তিনি শিক্ষা উদ্যোক্তা ও আলোকিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি কাউখালীর তথ্যকেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা। এছাড়া আমরাজুড়ি আবাসন প্রকল্পে কাউখালী প্রতিবন্ধী পাঠশালা প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেন।
তাঁর মৃত্যুতে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কাউখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।