
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনায় জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে তালতলীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একটি অংশ। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর বড় ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ ও মিথ্যাচার’ বলে দাবি করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শহিদুল হক।
শহিদুল হক বলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এতে তাঁদের এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সময় থাকতে এসব বক্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করে সভ্য রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম মামুন বলেন, নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে ১৯ আগস্ট উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়। এর পরপরই বিএনপির সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও তাঁর বড় ভাই মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ একই দিনে পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
তিনি বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির দিনে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি বরগুনার পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মাহবুবুল আলম মামুন আরও অভিযোগ করেন, ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য থেকে বিরত থেকে বিএনপির ‘সভ্য রাজনীতির’ চর্চা করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অসীম ও সাইফুল ইসলাম মামুন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাওলাদার মোহাম্মদ নাসির, শ্রমিক দলের সাবেক সভাপতি শাহ আলম হাওলাদার, কৃষক দলের সভাপতি জাফর হাওলাদার, জিয়া মঞ্চের উপজেলা সভাপতি জাকির খলিফা ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অমিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।