খুলনায় একই এলাকায় গুলি করে দুই যুবককে হত্যা

হোম » লিড নিউজ » খুলনায় একই এলাকায় গুলি করে দুই যুবককে হত্যা
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় একই দিনে দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মঞ্জুরুল ইসলাম (২২) এবং রাত সাড়ে ৯টার দিকে নাজমুল নামের আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। সেখানে একদল যুবক গিয়ে মঞ্জুরুলকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা মঞ্জুরুলের পেটে ছুরিকাঘাত ও পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি বলেন, কী কারণে মঞ্জুরুলকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এক সন্ত্রাসী ও তাঁর অনুসারীদের নাম এসেছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

স্থানীয়রা জানান, নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি তাঁর বাবার সঙ্গে ভবন নির্মাণের সেন্টারিংয়ের কাজ করতেন।

 

অপর ঘটনায় খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান জানান, আশিবিঘা এলাকার একটি গলিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত যুবকের নাম নাজমুল।

 

উল্লেখ্য, চলতি আগস্ট মাসের প্রথম ১৯ দিনে খুলনা নগরীতে পাঁচজন হত্যার শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ৬:৪৯:০৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ