ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

হোম » খুলনা » ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচারের সময় ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা সিজারমূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) পোল পোর্ট থানার পুটখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক সুজন হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বুধবার বিকেলে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের পুটখালি এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার পথে সুজনকে সন্দেহ হলে তাকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭ টাকা। জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনের মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। সব মিলিয়ে সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

 

আটক স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩০ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ