বিষখালীর ভাঙনে নলছিটিতে হুমকির মুখে দুই বিদ্যালয়

হোম » লিড নিউজ » বিষখালীর ভাঙনে নলছিটিতে হুমকির মুখে দুই বিদ্যালয়
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

বিষখালীর ভাঙনে নলছিটিতে হুমকির মুখে দুই বিদ্যালয়

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে বিষখালী নদীর তীব্র ভাঙনে দুটি বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় বিদ্যালয় দুটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। গত ১৫ আগস্টের ভয়াবহ ভাঙনে বিদ্যালয়ের মাঠের একাংশসহ নদীর তীররক্ষা বাঁধের একটি অংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুরে অবস্থিত ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষখালী নদীর খুব কাছাকাছি অবস্থান করছে। জোয়ারের সময় নদীর পানি বিদ্যালয়ের মাঠ তলিয়ে যায় এবং ঢেউ এসে আছড়ে পড়ে ভবনে। এতে দুই প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ রঞ্জন সমদ্দার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী রয়েছে। নদী ভাঙতে ভাঙতে এখন বিদ্যালয় ভবনের কাছে এসে পৌঁছেছে। ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে খুবই আতঙ্কে থাকি, কখন কোন অঘটন ঘটে যায়। তীররক্ষা বাঁধ না থাকায় শিশুরা নদীর দিকে চলে যায়। আবার জোয়ারের সময় পানি মাঠে থইথই করে। সবচেয়ে বড় আতঙ্ক হলো, যেভাবে ভাঙন চলছে তাতে যেকোনো সময় বিদ্যালয় ভবন নদীতে বিলীন হতে পারে। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটবে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করি।’

 

ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নি আক্তার ও হাসানুজ্জামান বলেন, ‘আমাদের বিদ্যালয়ে একসময় তিন শতাধিক শিক্ষার্থী ছিল। কিন্তু নদী ভাঙনে শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের অন্যত্র ভর্তি করাচ্ছেন। বর্তমানে সব শ্রেণি মিলিয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিষখালীর প্রবল ভাঙন বিদ্যালয়ের খুব কাছে চলে এসেছে। একটি তীররক্ষা বাঁধ ছিল, সেটিও কয়েক দিন আগে বিদ্যালয়ের মাঠের একাংশসহ নদীতে বিলীন হয়েছে। এখন যেটুকু মাঠ অবশিষ্ট আছে, জরুরি ব্যবস্থা না নিলে সেটিও এবং বিদ্যালয় ভবন নদীগর্ভে যেতে বেশি সময় লাগবে না।’

 

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক শাহিন হাওলাদারসহ কয়েকজন জানান, বিষখালীর ভাঙনে এ এলাকার বহু বাসিন্দা ভূমিহীন হয়েছেন। বর্ষা মৌসুমে ভাঙন আরও বেড়েছে। প্রতিদিনই কোনো না কোনো বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। বিদ্যালয় দুটির ঝুঁকির কথা উল্লেখ করে তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু জানান, ভাঙনকবলিত এলাকা ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পরিদর্শন করেছেন। প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙন রোধে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৬:০৮ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ