
সাগরকন্যা প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভান্ডারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ২১ সদস্যের কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে। সম্প্রতি এ কমিটি গঠনের পর শনিবার (১৫ আগস্ট) সাগরকন্যা প্রতিবেদককে এ তথ্য জানিয়েছেন ভান্ডারিয়া থানার ওসি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন, মো. মিজানুর রহমান ও মো. সোহেল রানাকে সহসভাপতি; অ্যাডভোকেট নিরব ও সাহিদা বানু সনিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক; তানজিম হাসান কামালকে দপ্তর সম্পাদক এবং সাংবাদিক মো. মাসুম বিল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে আরও সদস্য রয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ ও সহযোগিতা জোরদার হবে।
নতুন কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার অপরাধ ও সামাজিক সমস্যার তথ্য পুলিশকে জানানো, জনসচেতনতা তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখবেন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য।