
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া এবং জনগণের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ।
বুধবার (১২ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে রেজা শরীফ নিজের রাজনৈতিক পরিচয় উল্লেখ করে বলেন, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও বিষয়টি তাকে তেমন খারাপ লাগে না। কারণ, বিদ্যুৎ চলে গেলে তার শৈশবের স্মৃতি মনে পড়ে। স্কুলজীবনে সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে তিনি বাইরে বের হয়ে বন্ধু, বড় ভাই ও ছোট ভাইদের সঙ্গে লুকোচুরি, দৌড়াদৌড়ি ও আড্ডায় সময় কাটাতেন বলেও উল্লেখ করেন।
তবে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এই দেশের সবাই আমার মতো বিএনপির কর্মী নয়। বিদ্যুৎ না থাকলে আমার শৈশবের সুন্দরতম মুহূর্তগুলো মনে পড়ে, আর সাধারণ মানুষের মনে সরকারের প্রতি গালাগাল আসে।’
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে রেজা শরীফ আরও বলেন, ‘আজকের এই সময় এসে দিনে-রাতে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। যদি বিদ্যুৎখাতে বড় কোনো সমস্যা হয়, তাহলে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রী-প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে সবাইকে জানান। অথবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ থেকে কেউ বিদ্যুৎ সংকটের কথা জানিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন।’
বিদ্যুৎকে মানুষের মৌলিক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান যুগে এসে একজন সাধারণ মানুষের বেসিক নিড হচ্ছে স্বাভাবিক বিদ্যুৎ সুবিধা পাওয়া। এটা নিয়ে হেলাফেলা করার সুযোগ নেই।’

নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেই সরকারের বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করায় রেজা শরীফের এ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সরকারপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত একজনের পক্ষ থেকে বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি প্রকাশ্যে তুলে ধরাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে।